এসএসসি ও দাখিলে ২২৬ মাদ্রাসাসহ ৩১২ প্রতিষ্ঠানে কেউই পাস করেনি

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ১২:৫৯ অপরাহ্ণ

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এ তথ্য জানানো হয়।

শূন্য পাস ৩১২ প্রতিষ্ঠানের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬ ও কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে।

২০২৫ সালে শূন্য পাসের প্রতিষ্ঠান ছিল ১৩৪টি। এবার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৭৮টি। এবার এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত ১৯ বছরে সর্বনিম্ন। এবার জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী, এটিও বিগত বছরগুলোর তুলনায় কম।

চলতি বছর মোট ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন