রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ । ৩:২৯ অপরাহ্ণ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক শেষে তার নাম ঘোষণা করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, মূলত ১১ দল সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। গতানুগতিক ধারা থেকে বের হতে তাকে প্রার্থী করা হয়েছে।

এদিকে, রাষ্ট্রপতি প্রার্থী করায় ১১ দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে অলি আহমদ বলেন, জাতিকে কথা দিচ্ছি, প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের সঙ্গে ও জনগণের সঙ্গে বেইমানি করব না। সর্বদা দেশের স্বার্থ বিবেচনায় কাজ করব।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর শূন্য হওয়া এই পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে কমিশন। সংবিধান ও আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন