ভারতে আশ্রয়ে থাকা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানতে চান, ভারত সরকার কেন তাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দিল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমকে (বিবিসি বাংলা) দেওয়া এক সাক্ষাৎকারে সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রয়ে থেকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় তাকে সরাসরি গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় সরকারের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে।
তিনি বলেন, “বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তিকে ভারত সরকার কেন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিল, সেটিই আমাদের প্রশ্ন।”
এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক জনসম্মুখে বক্তব্য।
ওই বক্তব্যের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগেই উদ্বেগ জানানোর পরও শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণ-আন্দোলনের সময় দলটি গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো তারা দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করেনি বরং ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে বিচার হবে। এ কারণে বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে নয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ৮:৩৭ অপরাহ্ণ