প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। তিনি বলেন, এই আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে এবং দেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না।
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তা অটুট রাখা সবার দায়িত্ব। গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, তবে সেই ভিন্নমত যেন বিভেদ বা শত্রুতায় রূপ না নেয়, সে বিষয়ে রাজনৈতিক দল, ব্যক্তি ও গোষ্ঠীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বাণীতে তারেক রহমান বলেন, ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য বিজয়ের দিন। ২০২৪ সালের এদিন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ভিন্নমতের মানুষ গুম, খুন, অপহরণ, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকার্যকর করে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। একই সঙ্গে ব্যাংকিং খাতে অনিয়ম, দুর্নীতি, অর্থপাচার এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের অবক্ষয়েরও অভিযোগ তুলে ধরেন তিনি।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেন। আন্দোলন দমনে গুলি চালানো হয় এবং এতে বহু মানুষ নিহত ও আহত হন। তিনি শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও মুগ্ধসহ গণঅভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া হবে না এবং দেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না।
বাণীর শেষ অংশে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সাল ছিল দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার লড়াই। ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের মতোই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদেরও জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ১২:২৪ পূর্বাহ্ণ