ঢাকা কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছাত্রদলের হামলার অভিযোগ

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ । ৮:০৪ অপরাহ্ণ

ঢাকা কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠনটির কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ঢাকা কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত কর্মসূচি ও জনসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের দাবি, ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় ছাত্রদলের একদল নেতাকর্মী এসে তাদের কর্মসূচিতে বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার পর ক্যাম্পাস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার নিন্দা জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা একে রাজনৈতিক সহাবস্থানের পরিপন্থী ও ন্যক্কারজনক হামলা বলে উল্লেখ করেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন