আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ । ১২:৩৪ অপরাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল বুধবার (০৫ আগস্ট) উদ্বোধন করা হবে। এ দিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে জাদুঘরটি ঘুরে দেখবেন তিনি।

মঙ্গলবার (০৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ।

তিনি বলেন, জাদুঘর পরিচালনা বা ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। জাদুঘর উদ্বোধনের দিন বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি সাংস্কৃতিক কনসার্টও অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে আরও সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ করা হবে।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। পরদিন ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

তিনি আরও জানান, জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের ৫০ টাকা এবং শিশুদের ২৫ টাকা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। রক্তক্ষয়ী সেই গণঅভ্যুত্থানে দীর্ঘ ১৭ বছরের শাসনেরও অবসান ঘটে। জুলাই স্মৃতি জাদুঘরকে ত্যাগ ও সংগ্রামের জীবন্ত স্মারক হিসেবে দেখছেন সংসদ সদস্যরা।

এম এম আর/দেশজামানা

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন