বেরোবিতে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া

বেরোবি সংবাদদাতা
প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ১১:১২ অপরাহ্ণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) শাখা ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২০ জনের মতো আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাম্পাসে ছাত্র শিবিরের উদ্যোগে জুলুমের বিরুদ্ধে ‘জুলাই’ শীর্ষক প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হওয়া নেতাদের ছবি প্রদর্শনীতে আপত্তি তোলেন ছাত্রদল নেতারা। তারা মহান মুক্তিযুদ্ধের সময়ে বিরোধিতার বিষয়ে কয়েকজনের ছবি প্রদর্শনী বিষয়ে জোর আপত্তি তোলেন এবং অপসারণের কথা বলেন।

এদিকে ছাত্রশিবির কোনোভাবেই ছাত্রদলের আপত্তির মুখে ছবি অপসারণ করবে না বলে সাফ জানিয়ে দেয়।

এ নিয়েই সন্ধ্যার পর থেকেই ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে শুরুতে উত্তেজনা তৈরি হলে উভয়পক্ষই লাঠিসোটাসহ দেশৗয় অস্ত্র নিয়ে মহড়া শুরু করে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যেই ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল, চেয়ার নিক্ষেপসহ লাঠি দিয়ে আঘাতের ঘটনাও ঘটে। এতে ২০ জনের মতো আহত হন।

এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে। তবে শিক্ষার্থীদের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হবে। তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট উভয় পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন