সড়কে শৃঙ্খলা ফেরাতে আজ শনিবার (১ আগস্ট) থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্তি ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জিপিএস সংযুক্ত না থাকলে নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না।
বিআরটিএর ২৮ জুলাইয়ের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়নের সময় জিপিএস সংযুক্তির প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে ডিভাইস সচল থাকার তথ্য দেখাতে হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়া বা নবায়ন করা হবে।
শুধু ডিভাইস স্থাপন নয়, সেটি সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনাও রয়েছে। নতুন গাড়ি রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নিতে আসার সময় জিপিএস সংযুক্ত অবস্থায় আনার জন্য পরিবহন মালিক ও প্রতিনিধিদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ।
বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নতুন গাড়ি রেজিস্ট্রেশনের জন্য আসার সময়ই জিপিএস লাগিয়ে আনতে হবে। ফিটনেসের জন্য আসার সময়ও ডিভাইস সংযুক্ত থাকতে হবে। এ জন্য বিআরটিএর ব্যবস্থায় জিপিএস লাগানো আছে কি না, তা যাচাইয়ের সুযোগ থাকবে।
তবে সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও নির্ধারিত সময়ের মধ্যে সব গণপরিবহনে জিপিএস পুরোপুরি সচল করা সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান বলেন, বিভিন্ন কোম্পানির গাড়িতে জিপিএস দেওয়ার বিষয়ে এরই মধ্যে চূড়ান্ত চুক্তি হয়েছে। তবে ১ আগস্ট থেকে পুরোপুরি সক্রিয় করা সম্ভব হবে না। এজন্য আরও কিছুদিন সময় প্রয়োজন।
সড়কে নামলেই গণপরিবহনের নানা ধরনের বিশৃঙ্খলা চোখে পড়ে। যাত্রী তোলার প্রতিযোগিতায় বাসের বেপরোয়া রেষারেষি, একাধিক লেন দখল করে যাত্রী ওঠানামা এবং এর ফলে সৃষ্ট যানজট নিয়মিত চিত্র হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তবে বিশেষজ্ঞদের মতে, শুধু প্রযুক্তি সংযোজন করলেই কাঙ্ক্ষিত সুফল আসবে না। ডিভাইস সার্বক্ষণিক সচল রাখা, কেন্দ্রীয়ভাবে তথ্য পর্যবেক্ষণ, নিয়মিত তদারকি এবং কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কাঠামোগত সংস্কারও প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ১১:৩৮ পূর্বাহ্ণ