কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দলের আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ড. আতিক মুজাহিদ অভিযোগ করেন, গত বুধবার হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এক ‘জুলাই যোদ্ধার’ চোখ উপড়ে ফেলার ঘটনার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচি শেষে ফেরার পথে দলের এক সদস্যের ওপর হামলা চালানো হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলায় শান্তিপূর্ণ মিছিল বের করলে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায় বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, হামলায় এনসিপির অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিচারের আওতায় আনা হবে। এ সময় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়াসহ এনসিপি ও জামায়াতের জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুহাম্মদ আসাদুল্লাহ, কুড়িগ্রাম
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ৫:১৫ পূর্বাহ্ণ