শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার আটিপাড়া এলাকার হযরত আলী খন্দকার, ইমন খন্দকার ও নড়িয়ার আচুড়া এলাকার রাব্বি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মাদক কারবারিকে ধরার কথা বলে তার স্বামীকে ডেকে নিয়ে যান হযরত আলী খন্দকার, ইমন খন্দকার ও রাব্বি। পরে তাকে অপহরণ করে নিয়ে একটি বাগানে বেঁধে রাখা হয়। পরে তার মোবাইল ফোন থেকে কল দিয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের হতে বলা হয় এবং তাকে নিয়ে আসার জন্য একজন লোক পাঠানো হয়।
পরে গৃহবধূকে একটি বাগানে নিয়ে যাওয়া হয় যেখানে আগে থেকেই তার স্বামীকে বেঁধে রাখা হয়েছিল।
অভিযোগ অনুযায়ী, সেখানে স্বামীর সামনেই তিনজন মিলে ওই নারীকে গণধর্ষণ করেন।
ঘটনার পর তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে পুলিশ এসে ওই নারীকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই এবং ঘটনার প্রাথমিক সত্যতা পাই। পরে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ । ৯:০৫ অপরাহ্ণ