দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ । ৩:৫৫ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। আহত আরেকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ৬ বাংলাদেশি নারায়ণগঞ্জের সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের ক্রোকেরচর ও চর আলীরটেক এলাকা, ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা।

নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় জানা গেছে। আরও দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে বাংলাদেশি মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটে। এসময় তারা দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

এই মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এর আগেও দেশটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ২০১৮ সালের ২০ অক্টোবর নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে একটি দোকানে আগুন লেগে ফেনীর দাগনভূঞা উপজেলার একই পরিবারের তিনজনসহ চার বাংলাদেশি নিহত হন। এছাড়া ২০২৪ সালের ৩০ অক্টোবর কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারম্যারিটজবার্গের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন