জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিশ্বের বড় রাজনৈতিক দল বলে পরিচিত একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির আয়োজিত পথযাত্রা ও পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিশ্বের বড় রাজনৈতিক দল বলে দাবি করা একটি দল এখন টেলিগ্রাম লীগে পরিণত হয়েছে। ট্যাংক, গোলাবারুদ, পার্শ্ববর্তী দেশ, বিদেশি শক্তি, টাকা-পয়সা কোনো কিছুই তাদের পতন ঠেকাতে পারেনি।’
এনসিপির নেতা-কর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ ঐক্যবদ্ধ থাকার এবং জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে হাসনাত আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের বদলি করা হয়েছে। ক্ষমতার এমন অপব্যবহারের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।
সমাবেশে আরও বক্তব্য দেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে-আলী আহসান জুনায়েদ ও সরোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডাক্তার মাহমুদ মিতু এমপি, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ । ১১:৪১ পূর্বাহ্ণ