সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্য সকল সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে গ্রেপ্তারের দাবির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাসে মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। ওই সময় সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির আইনি সুরক্ষা ভোগ করেছেন। ফলে সেই সময়ের কর্মকাণ্ড নিয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বা আদালতে কোনো কার্যক্রম চালানো যায় না।
তিনি বলেন, এর বাইরে কেউ যদি কোনো অভিযোগ বা বক্তব্য দিয়ে থাকেন, সেটি তাদের মতপ্রকাশের স্বাধীনতার অংশ। তবে সরকার এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ দেখেনি, যা আমলে নেওয়ার মতো।
এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানের পর মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। যে কেউ অভিযোগ তুলতে পারেন, তবে সেগুলোর পক্ষে গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ থাকতে হবে।
শেখ হাসিনার সঙ্গে সাবেক এই রাষ্ট্রপতির কথিত ফোনালাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি গণমাধ্যমে দেখেছেন। তবে সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ নেই। যাদের কাছে এমন দাবি রয়েছে, তাদেরই সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা ও সুযোগ-সুবিধা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন সব ধরনের সুবিধা পাবেন। তার নিরাপত্তায় ছয় মাসের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর সুরক্ষার বিধান রয়েছে। এছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ । ২:০৬ অপরাহ্ণ