দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং দলটির শীর্ষ নেতৃত্বের নাম ব্যবহার করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও অসন্তোষ প্রকাশ করেছে দলটি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিশেষ প্রতিবাদ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন দলের পক্ষে এ অবস্থান পরিষ্কার করেন।
বিবৃতিতে মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, “বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১ দলীয় জোটে না থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে জোটের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে আমাদের দল ও আমিরে শরীয়তের নাম ব্যবহার করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি জানান, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে আদর্শগত ও রাজনৈতিক নীতিগত দূরত্ব থাকায় বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত আন্দোলন এককভাবেই অংশগ্রহণ করেছিল। ধর্মীয় ও রাজনৈতিক স্বকীয়তা বজায় রাখতে কোনো জোটে অন্তর্ভুক্ত না হওয়ার বিষয়ে দলের নীতি নির্ধারণী ফোরাম ‘মজলিসে শূরা’র সর্বসম্মত সিদ্ধান্ত রয়েছে।
বিবৃতিতে মুফতি সুলতান মহিউদ্দিন আরও উল্লেখ করেন, এর আগেও বিভিন্ন পত্রপত্রিকা ও গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে, ১১ দলীয় জোটে খেলাফত আন্দোলন নেই। এরপরও কেন জোটটির সভা-সমাবেশে খেলাফত আন্দোলন ও দলের আমিরের নাম ব্যবহার করা হচ্ছে, তা তাদের বোধগম্য নয়।
তিনি বলেন, হজরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর চিন্তাধারার আলোকে মজলিসে শূরার পরামর্শে বাংলাদেশ খেলাফত আন্দোলন নিজস্ব স্বকীয়তা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভবিষ্যতে ১১ দলীয় জোটের কোনো সভা-সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলন বা দলটির আমিরের নাম ব্যবহার না করার জন্য জোটের নেতাদের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ । ১১:৩৯ অপরাহ্ণ