এমপি নজরুলের ঘটনায় নজর রাখছে জামায়াত, তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ । ৭:৫৩ অপরাহ্ণ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২১ জুলাই) দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়টি জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য, তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্যও দলটির নজরে এসেছে।

জামায়াত জানায়, বিষয়টি নিয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে। প্রকৃত ঘটনা উদঘাটনের পর দলের সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

পরে এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে গাজী নজরুল ইসলাম ভিডিওতে থাকা তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন