সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পর অভিযুক্ত বাবা ও ছেলে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস খান ওই গ্রামের সাত্তার খানের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, ফুটবল খেলাকে কেন্দ্র করে ইলিয়াস খানের সঙ্গে স্থানীয় বাসিন্দা রাসেলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত ইলিয়াসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তবে পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬ । ৬:২১ পূর্বাহ্ণ