তিন প্রতিষ্ঠানের ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ । ৫:৩৫ পূর্বাহ্ণ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের ৩ ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বিএফএসএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাজার থেকে এসব পণ্য সরিয়ে নেওয়ার পাশাপাশি উৎপাদন ও বিপণন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যাহারের নির্দেশ পাওয়া খাদ্যপণ্যগুলো হলো—

১. ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’

২. ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ ও

৩. আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

বিএফএসএ জানিয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তার কথা বিবেচনা করে এসব খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার এবং বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভোক্তাদের এসব পণ্য না কেনা ও গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

খাদ্যপণ্যে ক্ষতিকর উপাদানের ব্যবহার নিয়ন্ত্রণে বিএফএসএ নিয়মিতভাবে বাজার তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন