আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড হাতে পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, এতে প্রতিটি উপজেলায় গড়ে সাত হাজার নারী এই কার্ড পাবেন। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে তাঁর সরকার দেশের চার কোটি পরিবারের নারীদের হাতে এই কার্ড পৌঁছে দেবেন।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১০টার কিছু আগে সড়কপথে গৌরনদীর বাটাজোরে পৌঁছান। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক ও গৌরনদী-সরিকল সড়কের দুই পাশে অবস্থান নেওয়া হাজার হাজার নেতা-কর্মী তাঁকে স্বাগত জানান।
গৌরনদীর সরিকল সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। আজ এখানে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গাছ বড় হওয়া পর্যন্ত যে যতটুকু পারবেন, ততটুকু যত্ন করবেন।’ এ সময় তিনি স্লোগান দেন, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’
পরে নারকেল, নিমসহ চারটি গাছের চারা রোপণ করে প্রধানমন্ত্রী বলেন, গাছের যত্ন নিতে হবে। এটি বড় হলে এখানকার মানুষই এর সুফল ভোগ করবে। পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি যেখানে-সেখানে আবর্জনা না ফেলার অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা দেশের সবাইকে নিয়ে শান্তিতে চলতে চাই। সবাইকে নিয়ে, সবার জন্য একটি শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে চাই। সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে মানবিকতার ভিত্তিতে আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে চাই। আমরা যদি সবাই ধৈর্য নিয়ে চলতে পারি, তাহলে এই দেশটাকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—যে ধর্মেরই হই না কেন, আমাদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে, এই দেশে আমরা সবাই শান্তিতে একসঙ্গে বসবাস করেছি।’

বরিশাল প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ । ৫:০৩ অপরাহ্ণ