প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল ফাঁসের ঘটনায় জড়িত কর্মকর্তা মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে ফল ওয়েব পোর্টালে আপলোডের তারিখ অর্থাৎ ৯ জুলাই থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল যথাযথ কর্তৃপক্ষ থেকে প্রকাশের আগে ওয়েব পোর্টালে আপলোড করার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করে ফল ওয়েব পোর্টালে আপলোড করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী অসদাচরণের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল ওয়েব পোর্টালে আপলোডের তারিখ অর্থাৎ ৯ জুলাই থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এর আগে গত বৃহস্পতিবার ঘটনার তদন্তে ৩ সদস্যর তদন্ত কমিটি করা হয়। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে ঘটনার তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মো. মিরাজুল ইসলাম উকিল, সদস্য সচিব প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোছাম্মদ রোখসানা হায়দার এবং সদস্য রয়েছেন উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার মো. জিয়াউল কবির সুমন।
অফিস আদেশে আরো বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল গত ৮ জুলাই চূড়ান্ত করা হয়। প্রস্তুতকৃত ফল ওয়েব পোর্টালে আপলোড করার নিমিত্ত প্রয়োজনীয় লিংক তৈরির জন্য সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে মো. মেহতাব কায়েসকে দায়িত্ব প্রদান করা হয়। ফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের আগে তা ওয়েব পোর্টালে আপলোড না করার জন্য তাকে নির্দেশনা দেয়া হয়। কিন্তু ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফল ঐ লিংকগুলোতে আপলোড করা হয়। অল্প সময়ে সচল থাকায় এ লিংকগুলো থেকে সাধারণ ব্যবহারকারীরা ফল ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে।
এই পরিস্থিতিতে গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ । ২:০৪ অপরাহ্ণ