পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের আলোকে পরিবেশ ও আল্লাহর সৃষ্টির যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (০৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য।
প্রধানমন্ত্রী সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত উল্লেখ করে বলেন, “আল্লাহ তায়ালা বলেছেন, তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।”
তিনি আরো বলেন, নদী-নালা, গাছপালা, কীট-পতঙ্গ, বন্য ও গৃহপালিত প্রাণীসহ আমাদের চারপাশের পরিবেশ ও প্রতিবেশ আল্লাহর সৃষ্টি এবং মানুষের কল্যাণের জন্য নির্ধারিত। তবে এসব সৃষ্টি থেকে উপকার পেতে হলে মানুষের দায়িত্ব হলো সেগুলোর যথাযথ যত্ন ও পরিচর্যা করা।
আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে ইকো সিস্টেমের নিরাপদ সংরক্ষণ ও বিকাশের সঙ্গে মানবসমাজের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিবিড়ভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে তিনি সকলের প্রতি আহবান জানান।

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ২:১২ অপরাহ্ণ