আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না: সারজিস আলম

টাঙ্গাইল সংবাদদাতা:
প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬ । ১১:২৪ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, সংসদে এমপি-মন্ত্রীদের বক্তব্য শুনলে মনে হয়, বাংলাদেশে কোনো সমস্যাই নেই, কিন্তু এই পথসভা থেকেই আপনাদের রায় দিতে হবে—বাংলাদেশে সমস্যা আছে নাকি নেই!

তিনি বলেন, “সংসদে এমপি-মন্ত্রীদের বলতে শুনি, বাংলাদেশে মাঝে মাঝে বিদ্যুৎ যায়, কিন্তু এটাকে তারা লোডশেডিং বলতে চান না। আমরা তাদের বলতে চাই, লোক দেখানো বক্তব্য না দিয়ে ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করুন।”

বুধবার (৮ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে টাঙ্গাইলের কালিহাতীতে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না। শেখ হাসিনার আমলে একটি রোগ ছিল—সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। আমরা ভবিষ্যতে সেই রোগ আর হতে দেব না।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “তারেক রহমান, আপনি গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে এসেছেন। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার প্রতিটি জেলা ও বিভাগের নেতাকর্মীরা যদি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকে এবং নিরপরাধ মানুষের ওপর জুলুম চালায়, তাহলে সেই দায়ও আপনাকেই নিতে হবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে সারজিস আলম বলেন, “আপনারা আপনাদের কাজের মাধ্যমে হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন। মনে রাখবেন, প্রত্যেকটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে। আপনারা যদি বিবেকবোধ বিসর্জন দেন, তাহলে নিজের বিবেকের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “যদি আবার সীমান্তে হত্যা হয়, আমাদের নাগরিকদের পুশ-ইন করা হয় কিংবা দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলা হয়, তাহলে আমরা দেখব না কে সরকারে আছে বা তাদের অবস্থান কী ছিল।”

এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তুষার সরেয়ার, ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন